বিশেষ অভিযান চালিয়ে ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের নাইউফ নামে এক মেজর জেনারেলকে গ্রেফতার করেছে সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী।
শুক্রবার (২২ মে) দেশটির হামা প্রদেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। হামা প্রদেশের সালামিয়া নিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা তাকে আটক করেন।
একটি নিরাপত্তা সূত্র জানায়, ক্ষমতাচ্যুত সরকারের আমলে সামরিক বাহিনীতে বেশ কয়েকটি জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছিলেন নাইউফ।
সূত্রটি জানায়, ক্ষমতাচ্যুত সরকারের শাসনামলে সংঘটিত অপরাধ ও লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যে বৃহত্তর অভিযান চালাচ্ছে, নাইউফের গ্রেফতার তারই অংশ।
জবাবদিহি, অন্তর্বর্তীকালীন ন্যায়বিচার এবং ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করার লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এর কয়েক ঘণ্টা আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাইদনাইয়া সামরিক কারাগারে প্রহরী ও কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করা সাবেক সামরিক পুলিশ সার্জেন্ট মোহাম্মদ ইমাদ মাহরেজকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ।
শুক্রবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, মোহাম্মদ ইমাদ মাহরেজ ২০১৫ সাল থেকে সাইদনাইয়া সামরিক কারাগারে প্রহরী ও কারারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বিবৃতিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আরোপিত কর্মকাণ্ড নির্ধারণ এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত অব্যাহত রেখেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, ক্ষমতাচ্যুত শাসনামলে সিরীয়দের বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের অনুসরণ এবং জবাবদিহির আওতায় আনার চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই গ্রেফতার করা হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, অন্তর্বর্তীকালীন ন্যায়বিচারের নীতি বাস্তবায়ন এবং দায়মুক্তি প্রতিরোধের লক্ষ্যেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, আইনি জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে ভুক্তভোগী ও তাদের পরিবারের অধিকার নিশ্চিত করতে কর্তৃপক্ষ কাজ করছে।
সূত্র: সানা নিউজ











