ইসলামী রাষ্ট্র বিনির্মাণের সংগ্রামে আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ.-এর অবদান অবিস্মরণীয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর, বিশিষ্ট সাংবাদিক ও লেখক আব্দুর রহমান চৌধুরী।
তিনি বলেন, আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. ছিলেন উপমহাদেশের প্রখ্যাত পার্লামেন্টারিয়ান খতীবে আযম আল্লামা ছিদ্দিক আহমদ রহ.-এর একনিষ্ঠ শিষ্য, ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিতপ্রাণ এক ঈমানদীপ্ত সিপাহসালার এবং আকাবিরে দেওবন্দের স্বার্থক উত্তরসূরী। নেজামে ইসলাম পার্টির মাধ্যমে ইসলামী রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে তিনি যে অসামান্য অবদান রেখে গেছেন, তা অবিস্মরণীয়। তাঁর ঈমানী চেতনাদীপ্ত সংগ্রামী জীবন ও অবদানে অনুপ্রাণিত হয়ে ইসলামের ঝাণ্ডা সমুন্নত রাখার সংগ্রাম চালিয়ে যেতে হবে।
শনিবার (২৩ মে) বিকেলে কক্সবাজার ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখা আয়োজিত “আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ.-এর জীবন ও অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পশ্চিমা সাম্রাজ্যবাদী ও ভারতীয় আধিপত্যবাদী অপশক্তি এবং তাদের এদেশীয় এজেন্ট নাস্তিক-মুরতাদদের বিরুদ্ধে আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ. ছিলেন সদা সোচ্চার। বাতিলের সকল ষড়যন্ত্রের মূলোৎপাটন ও ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করতে আল্লামা আজিজীর বিপ্লবী জীবনধারা থেকে শিক্ষা নিতে হবে।
সভায় বক্তারা সুন্নাতে নববীর আলোকে আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ.-এর আমল-আখলাক, জ্ঞান-প্রজ্ঞা, বিনয়, ভদ্রতা, আতিথেয়তাসহ বহুমাত্রিক গুণ ও বৈশিষ্ট্য তুলে ধরেন।
জেলা নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা মুহাম্মদ ইয়াছিন হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও কক্সবাজার জেলার প্রধান উপদেষ্টা মাওলানা হাফেজ ছালামতুল্লাহ।
বিশেষ আলোচক ছিলেন সংগঠনের জেলা শাখার উপদেষ্টা, রামু জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ আব্দুল হক, নেজামে ইসলাম পার্টির যুববিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী এবং মরহুমের স্মৃতিবিজড়িত পদুয়া জামিয়াতুল আনওয়ার হেমায়াতুল ইসলাম মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা মাহমুদুল হক সাদেকী।
জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার পৃথক অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক চকোরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা খালেদ সাইফী।
অনুষ্ঠানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সচিব ও কক্সবাজার জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর রচিত এবং কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজ প্রকাশিত “আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ.: ঈমানদীপ্ত এক সিপাহসালার” শীর্ষক জীবনীমূলক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠান শেষে নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সরওয়ার কামাল আজিজী রহ.-এর রুহের মাগফিরাত এবং কক্সবাজার জেলা আমীর মাওলানা আ. হ. ম নুরুল কবির হিলালীর সুস্থতা কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।











