আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সরকার সাড়ে তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন রেখে গিয়েছিলো। বিএনপি ক্ষমতায় থাকতে এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। তারা মানুষকে শুধু খাম্বা দিয়েছিলো। আর এখন বড় বড় কথা বলেছে। তাদের তো লজ্জা হওয়া উচিত।
শনিবার (২৩ জুলাই) সকালে কুমিল্লার মেঘনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ বলেছেন, মহামারি করোনার পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বে অর্থনৈতিক মন্দা চলছে। ডলার, ইউরোর দাম বাড়ছে-কমছে। তার ঢেউ বাংলাদেশেও লেগেছে। দেশে অর্থনৈতিক মন্দা যাতে দীর্ঘমেয়াদি না হয়, জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার অনুরোধ করেছেন। খরচ কমিয়ে দীর্ঘমেয়াদি ক্ষতি থেকে জনগণকে রক্ষার জন্যই লোডশেডিং হচ্ছে।










