২০২০ সালে ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলস প্রদেশে ছেলে শিশুদের নামের নিবন্ধন থেকে জানা গেছে নতুন জন্মানো শিশুদের মধ্যে মুহাম্মাদ অন্যতম জনপ্রিয় নাম।
সম্প্রতি এ তথ্য জানিয়েছে ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিস (ওএনএস)।
ব্রিটেনের শিশুদের মধ্যে মুহাম্মাদ হলো পঞ্চম জনপ্রিয় নাম। অপর দিকে এ নামের ভিন্ন উচ্চারণ মোহাম্মেদ ও মোহাম্মদ হলো ব্রিটেনের এক শ’ জনপ্রিয় নামের মধ্যে ৩২তম ও ৭৪তম অবস্থানে থাকা নাম।
ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্যমতে, মুহাম্মাদ নামটি লন্ডন, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ইয়র্কশায়ার অ্যান্ড হাম্বার ও পশ্চিম মিডল্যান্ডস অঞ্চলে অন্যতম জনপ্রিয় নাম। ব্রিটেনের ইংল্যান্ড ও ওয়েলস প্রদেশে জন্মানো ৩৭১০ ছেলে শিশুর নাম মুহাম্মাদ। এছাড়া ১৬১৫ শিশুর নাম মোহাম্মেদ এবং ৭৫১ শিশুর নাম মোহাম্মদ রাখা হয়েছে।
পরিসংখ্যানের তথ্যমতে, ব্রিটেনের ছেলে শিশুদের মধ্যে শীর্ষ দশ জনপ্রিয় নাম হলো, অলিভার, জর্জ, আর্থার, নোয়া, মুহাম্মাদ, লিও, অস্কার, হ্যারি, আর্চি ও জ্যাক।












