জাতিসংঘের উইমেনের নির্বাহী পরিচালক সিমা সামি বাহাউজ বলেছেন, ইসরাইলি হামলায় গাজ্জা উপত্যকায় প্রতি ঘণ্টায় দু’জন মা ও প্রতি দুই ঘণ্টায় সাতজন নারী নিহত হন।
বুধবার (২২ নভেম্বর) মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ব্রিফিংয়ে এ তথ্য দেন তিনি।
জাতিসংঘের উচ্চপদস্থ এ কর্মকর্তা জানান, ৭ অক্টোবরের আগে গত ১৫ বছরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত সব বেসামরিক নাগরিকের ৬৭ শতাংশ ছিল পুরুষ এবং ১৪ শতাংশেরও কম ছিল নারী ও মেয়ে। কিন্তু সাম্প্রতিক হামলায় সেই হিসাব বিপরীত দিকে গড়িয়েছে।
তিনি বলেন, ৭ অক্টোবর থেকে নিহত বেসামরিক লোকের সংখ্যা গত ১৫ বছরের চেয়ে শুধু দ্বিগুণই নয়, গাজ্জায় নিহত ১৪ হাজারের বেশি মানুষের মধ্যে ৬৭ শতাংশ নারী ও শিশু।
তিনি আরও বলেন, গাজ্জার মায়েরা শান্তির জন্য প্রার্থনা করে। যদি শান্তি না আসে তবে ঘুমের মধ্যে যেন বাচ্চাদের কোলে নিয়ে দ্রুত মৃত্যু ঘটে, সেই প্রার্থনা করে। বিশ্বের কোনও স্থানে মায়েদের এমন প্রার্থনা নিয়ে আমাদের সবার লজ্জা হওয়া উচিত।











