ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, টিটিপিকে লক্ষ্য করার অজুহাতে পাকিস্তানের সামরিক শাসন আফগানিস্তানে হামলা চালিয়ে নারী ও শিশুসহ বেসামরিক মানুষকে হত্যা করেছে। পাকিস্তানের ভেতরে একটি নির্দিষ্ট মহল পরাশক্তির নির্দেশে অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে চায়।
তোলো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
পাকিস্তানের হামলার পাল্টা জবাব দেওয়া ঘোষণা দিয়ে মাওলানা মুজাহিদ বলেন, আফগান বাহিনী পাকিস্তানের সামরিক সদস্যদের লক্ষ্যবস্তু করবে। তবে পাকিস্তানের মতো বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানোর কোনো ইচ্ছা তাদের নেই; বরং কেবল সামরিক লক্ষ্যেই তারা পদক্ষেপ নেবে।
তিনি বলেন, পাকিস্তান তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এর কেন্দ্র লক্ষ্য করে হামলার দাবি করলেও বাস্তবে নারী ও শিশুরা শহীদ হয়েছেন।
তিনি প্রশ্ন তোলেন, “যেসব শিশু শহীদ হয়েছে তারা কি টিটিপির সদস্য ছিল?” তার ভাষায়, এতে স্পষ্ট হয় যে পাকিস্তানের এ হামলার কোনো ন্যায্যতা নেই; তাদের উদ্দেশ্য শুধু আফগানিস্তান নয়, পুরো অঞ্চলকে অস্থিতিশীল করা।
ডুরান্ড লাইনের প্রসঙ্গ টেনে আফগান মুখপাত্র বলেন, যখন একজন অসুস্থ মানুষও ডুরান্ড লাইন অতিক্রম করতে পারে না, তখন টিটিপি সদস্যদের পার হওয়ার দাবি গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, পাকিস্তানের ভেতরের হামলা ও নিরাপত্তাহীনতার সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই; এটি পাকিস্তানের নিজস্ব সমস্যা।
দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করাকে ইমারাতে ইসলামিয়ার আইনি ও জাতীয় দায়িত্ব উল্লেখ করে মুজাহিদ বলেন, তারা ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা নস্যাৎ করে দেবে।
তিনি বলেন, “প্রথমত, আমরা এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের জবাব দেব। দ্বিতীয়ত, আমরা নিরাপত্তা আরও জোরদার করব। তৃতীয়ত, আগের মতোই ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা ব্যর্থ করে দেব এবং আফগানিস্তান শান্ত থাকবে।”
মাওলানা জাবিহুল্লাহ বলেন, কিছু পাকিস্তানি জেনারেল এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের দেশের নিরাপত্তাজনিত দুর্বলতা আড়াল করার চেষ্টা করছে।
সূত্র: তোলো নিউজ












