নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে, তিনি দেশের ভালো করবেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
তিনি বলেন, আমার তো খুব অল্প সময় তাকে (তারেক রহমান) দেখা। টুকটাক কিছু কথা হয়েছে। দেখলাম যে, রাষ্ট্রনায়কোচিত গুণাবলি উনার মধ্যে আছে। এটা নির্দ্বিধায় বলা যায়। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। এই কয় দিনের যে কার্যক্রম, তাতে আশাবাদী হওয়া যায়, বিশেষ করে উনার শরীরে মুক্তিযোদ্ধার রক্ত বইছে। তাই দেশের ভালো করবেন তিনি, এই বিশ্বাস রাখি।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে বঙ্গভবনে বেসরকারি সংবাদমাধ্যম দৈনিক কালের কণ্ঠকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি বলেন, তারেক রহমানের বাবা ছিলেন রাষ্ট্রপতি, মা ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী। আমি বিশ্বাস করি না যে, আমরা কোনো নতুন দুর্যোগে পড়ব। তিনি যেন আলোকবর্তিকা হাতে নিয়ে সামনে এগিয়ে যান, এটাই আমার কামনা।
পরবর্তীতে রাষ্ট্রপতিকে প্রশ্ন করা হয় তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসার পর আপনার অনুভূতি কী? জবাবে মো. সাহাবুদ্দিন বলেন, এখন আমি সম্পূর্ণ চাপমুক্ত ও ভারমুক্ত। দেড় বছর শ্বাসরুদ্ধকর সময় পার করেছি। আমি এখন সম্পূর্ণ রিল্যাক্স।
তিনি আরও বলেন, দেড় বছর ধরে আমার মাথায় একটাই চিন্তা ছিল, কিভাবে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করব, কিভাবে বঙ্গভবনকে নিরাপদ রাখব। সেই চাপ এখন পুরোপুরি চলে গেছে।











