spot_img

ঈদের টানা ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস। একই সঙ্গে চালু হচ্ছে ব্যাংক-বিমা, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের নিয়মিত কার্যক্রম।

ঈদের আগে ১৬ মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। এর পর ১৭ মার্চ থেকে শুরু হয় টানা ৭ দিনের সরকারি ছুটি।

ঈদের ছুটি শেষে আজ থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আবার ৯টা-৫টা সূচিতে ফিরছে। ব্যাংক, পুঁজিবাজার ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও রোজার আগের সময়সূচিতে কার্যক্রম শুরু করছে।

ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর ব্যাংকের অফিসিয়াল কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

পুঁজিবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে। এ ছাড়া অফিসের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে চলতি বছর সরকার রোজার ঈদের ছুটি একদিন বাড়িয়ে ৭ দিন করে। শবে কদর (১৭ মার্চ) ও ঈদের ছুটির মাঝখানে ১৮ মার্চ একদিন কর্মদিবস থাকায় সেটিও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়।

তবে অফিস খোলার এক দিনের মধ্যেই আবারও ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। আগামী বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। এর পরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায়, অফিস খোলার পরপরই আবারও টানা ৩ দিনের বিরতি মিলবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ