ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয় আবারও কর্মচঞ্চল হয়ে উঠেছে। ঈদ-পরবর্তী প্রথম কার্যদিবসে সকাল থেকেই সচিবালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টায় তিনি সচিবালয়ে প্রবেশ করেন।
জানা যায়, দিনের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এরপর দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও চ্যালেঞ্জ নিয়ে একটি বৈঠকে অংশ নেবেন তিনি।
বেলা ১১টায় রাজধানী ঢাকার দীর্ঘদিনের সমস্যা ‘যানজট’ নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে একটি বিশেষ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণবিষয়ক কমিটির অগ্রগতি পর্যালোচনা সভায় অংশ নেবেন। বিকেলে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।
টানা ৭ দিনের ছুটি শেষে আজ থেকে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করে ঈদের আমেজ ভাগাভাগি করছেন।










