যুদ্ধ বন্ধে আমেরিকার সাথে কোনো আলোচনাই হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ।
তিনি বলেন, ‘আমেরিকার সঙ্গে কোনো আলোচনা বা সমঝোতা হয়নি।’
সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পার্লামেন্টের স্পিকার বলেন, আন্তর্জাতিক তেলের বাজারকে প্রভাবিত করতে ভুয়া খবর ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পোস্টে ইরানি স্পিকার লেখেন, ইরান যুদ্ধ শুরু করে এখন আমেরিকা ও ইসরাইল চোরাবালিতে আটকে পড়েছে। তা থেকে উত্তরণের পথ খুঁজছে তারা।
উল্লেখ্য, সোমবার (২৩ মার্চ) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে বড় হাতের অক্ষরে লেখা এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, ইরানের সঙ্গে (কথিত) আলোচনার প্রেক্ষিতে তিনি মার্কিন প্রতিরক্ষা দপ্তরকে দেশটির বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে ‘সব ধরনের সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত’ রাখার নির্দেশ দিয়েছেন।
তিনি দাবি করেন, গত রোববার এই আলোচনা অনুষ্ঠিত হয়। তিনি নির্দিষ্ট করে কারও নাম না বললেও দাবি করেন, ইরানের ‘শীর্ষ পর্যায়ের এক ব্যক্তির’ সঙ্গে আমেরিকা কথা বলছে।










