spot_img
spot_img

দেশে ১৩ কোটি মানুষ টিকা নিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের প্রায় ১৩ কোটি মানুষ টিকা নিয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা থেকে দেশের মানুষ এখন সুরক্ষিত। মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে, সংক্রমণ নেই বললেই চলে। তবে বেখেয়ালি হলে চলবে না। আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আশপাশের দেশে করোনার সংক্রমণ বাড়ছে।

শনিবার (২৩শে এপ্রিল) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের বাসভবনে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

করোনার মধ্যেও দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ভালো আছে। তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময় সহযোগিতা ও দিকনির্দেশনা ছিল।

ইফতার মাহফিলে জেলা প্রশাসক মুহাম্মদ আবদুল লতিফ, পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ উৎপল ভট্টাচার্য, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা দুর-রে শাহওয়াজ, ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জনপ্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ