spot_img
spot_img

সন্তান জন্ম দিতে ভারত থেকে মানুষ আমেরিকায় আসে: ট্রাম্পের এমন কটাক্ষের জবাব দিল দিল্লি

ভারত ও চীন থেকে মানুষ কেবল আমেরিকায় সন্তান জন্ম দিতে আসে, যাতে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব লাভ করতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন বিতর্কিত মন্তব্যকে অযৌক্তিক ও রুচিহীন বলে তীব্র সমালোচনা করেছে ভারত।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রতিক্রিয়া জানান।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এমন একটি বক্তব্য শেয়ার করেন, যেখানে ভারতকে নিকৃষ্ট স্থান হিসেবে উল্লেখ করা হয় এবং ভারতীয় অভিবাসীদের নিয়েও নেতিবাচক মন্তব্য করা হয়।

রণধীর জয়সওয়াল বলেন, মন্তব্যটি স্পষ্টতই তথ্যভিত্তিক নয়, অনুপযুক্ত এবং রুচিহীন।

তিনি বলেন, এই বক্তব্য ভারত-আমেরিকা সম্পর্কের বাস্তব চিত্র তুলে ধরে না। এই সম্পর্ক দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

এর আগে ডোনাল্ড ট্রাম্প ‘ট্রুথ সোশ্যালে’ মার্কিন রেডিয়ো উপস্থাপক মাইকেল স্যাভেজের একটি বক্তব্য শেয়ার করেন। সেখানে স্যাভেজ আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্বের নীতির সমালোচনা করতে গিয়ে ভারত ও চীনসহ একাধিক দেশকে ‘পৃথিবীর নরক’ বলে উল্লেখ করেন।

স্যাভেজ তার বক্তব্যে দাবি করেন, আমেরিকায় জন্মালে একজন শিশু নাগরিকত্ব পেয়ে যায়। পরে সেই নাগরিকত্বের সুযোগ নিয়ে পরিবারের অন্য সদস্যদেরও বিদেশ থেকে আমেরিকায় নিয়ে আসা হয়।

তার কথায়, এখানে জন্ম নেওয়া একটি শিশু সঙ্গে সঙ্গে নাগরিক হয়ে যায়, আর তারপর তারা চীন, ভারত বা পৃথিবীর অন্য কোনো তথাকথিত নরক থেকে তাদের পুরো পরিবারকে নিয়ে আসে।

সূত্র: এএফপি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ