ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জুলাইযোদ্ধা তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন। সন্ধ্যা ৭টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামান জানিয়েছেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে শনিবার এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে মামলা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
এর আগে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১১৫ জনকে আসামি করে মামলা করেন।
ওই মামলার পর পাল্টা মামলা হিসেবে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবির।
ছাত্রদলের দায়ের করা ওই মামলাতেই তারেক রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ।











