spot_img
spot_img

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা; শেখ তামিম ও পেজেশকিয়ানের ফোনালাপ

মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার একদিন পর মঙ্গলবার (২৪ জুন) টেলিফোনে কথা বলেন তারা।

ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমরা কাতারের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবকে ভালোভাবে বুঝি। কাতার থেকে পাওয়া সব ধরনের সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।

তিনি স্পষ্ট করে বলেন, আমরা ‘আল-উদেইদ’ ঘাঁটিকে লক্ষ্যবস্তু করলেও, সেটি কাতার রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আক্রমণ নয়। কাতার আমাদের ভ্রাতৃ-বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র।

ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, এই হামলার লক্ষ্য ছিল শুধুই মার্কিন আগ্রাসনে অংশ নেওয়া শক্তিগুলো। আমেরিকার অংশগ্রহণের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অন্যদিকে, সোমবার রাতে দোহার আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার পরপরই কাতার সরকার তলব করে দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি সালেহ আবাদিকে।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে কাতারের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সুলতান বিন সা’দ আল-মুরাইখি বলেন, এই হামলা কাতার-ইরান সুসম্পর্ক ও ভ্রাতৃত্বপূর্ণ প্রতিবেশী নীতির পরিপন্থী। আমাদের দুই দেশের মধ্যে যে ঘনিষ্ঠতা রয়েছে, এই হামলা তা নষ্ট করতে পারে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে যা সবচেয়ে দরকার—তা হলো, অবিলম্বে কূটনৈতিক সংলাপে ফিরে যাওয়া এবং উত্তেজনা কমিয়ে আনা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ