দুর্নীতির কথিত অভিযোগে সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মামলার নথিপত্র পুনরায় পর্যবেক্ষণ করছে দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।
আদালতের নথিপত্র ও সংবাদ মাধ্যমের ভিত্তিতে এক প্রতিবেদনে এ বিষয়টি জানিয়েছে আনাদোলু নিউজ এজেন্সি।
ইমারান খানের মামলার আবেদনের শুনানির সময় বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেন, প্রাথমিকভাবে ট্রায়াল আদালতের রায়ে ত্রুটি রয়েছে।
পাকিস্তান তেহরিক ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টে তার সাজার বিরুদ্ধে আপিল করেছেন যার শুনানি বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে।
আগামী মাসে অবসর নিতে যাওয়া বিচারপতি বন্দিয়াল বলেন, সুপ্রিম কোর্ট ‘তোশাখানা’ মামলায় হস্তক্ষেপ করার পূর্বে, খানের বিরুদ্ধে আনীত দুর্নীতি মামলা ও তার কারাদন্ডের বিরুদ্ধে আপিলের বিষয়ে ইসলামাবাদ হাইকোর্টের আদেশের অপেক্ষা করবে।
তিনি বলেন, “আমরা আজ তোশাখানা মামলায় হস্তক্ষেপ করব না। তবে আগামীকাল ইসলামাবাদ হাইকোর্টের শুনানির দিকে নজর রাখবো ও পুনরায় কার্যক্রম শুরু করব।”
ইমরান খান বর্তমানে এটক শহরের একটি কারাগারে বন্দি রয়েছেন। রাষ্ট্রীয় উপহারের বিবরণ অপ্রকাশিত রাখার জন্য তাকে তিন বছরের জন্য কারাদণ্ড দেয়া হয়েছে।
দোষী সাব্যস্ত হওয়ার পর ইমরান খানকে সরকারি দপ্তর থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।
ক্রিকেটার থেকে পরিপূর্ণ রাজনীতিবিদ বনে যাওয়া একমাত্র প্রধানমন্ত্রী ইমরান খানকে ২০২২ সালের এপ্রিল মাসে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে অপসারণ করা হয়। এরপর তার বিরুদ্ধে বেশ কয়েকটা মামলা দায়ের করা হয়। যদিও তিনি এসব অস্বীকার ও মিথ্যা বলে দাবি করেছেন।
সূত্র: মিডল ইস্ট মনিটর










