আর্মেনিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও পরিবহন সম্পর্ক স্বাভাবিক করতে চায় তুরস্ক। একই সঙ্গে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে তৈরি হওয়া ইতিবাচক গতি ধরে রাখতে আগ্রহী দেশটি। বুধবার আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানকে এ কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কের তুর্কি হাউস বা তুরকেভিতে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এরদোগান ও পাশিনিয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়। তুরস্কের যোগাযোগ অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এরদোগান বলেন, আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চলমান শান্তি প্রক্রিয়ায় দুই পক্ষের নেওয়া পারস্পরিক পদক্ষেপকে তুরস্ক স্বাগত জানিয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় তুরস্ক ও আর্মেনিয়ার মধ্যে বাড়তে থাকা সহযোগিতা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় অবদান রাখছে।
এরদোগান তুরস্কে অনুষ্ঠিতব্য কপ-৩১ নেতৃবৃন্দের সম্মেলনে অংশ নিতে পাশিনিয়ানকে আমন্ত্রণ জানান।
বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানও উপস্থিত ছিলেন।
সূত্র : আনাদোলু এজেন্সি











