spot_img
spot_img

ক্ষমতাসীনরা আইনশৃঙ্খলা লঙ্ঘন করলে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয়: জামায়াত আমীর

ক্ষমতাসীন দল ও তাদের অঙ্গসংগঠন নিজেরাই যদি আইনশৃঙ্খলা লঙ্ঘন করে, তাহলে দেশে স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, সরকারে যারাই আসে, তারাই দাবি করে দেশের আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো। কিন্তু আগের সংজ্ঞাও স্পষ্ট নয় এবং ভালোর চিত্রও কোথাও খুঁজে পাওয়া যায় না।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো, এটা সরকারের সার্বক্ষণিক দাবি। কিন্তু বাস্তবে ঘরে-বাইরে, পথে-ঘাটে কোথাও কি নিরাপত্তা আছে? এই তো কিছুদিন আগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকার ছেলেকে হত্যা করা হলো। এখন নিজেদের ব্যর্থতা ও দায় এড়াতে ওই ছেলেটিকেই উল্টো দুষ্ট বানানোর চেষ্টা চলছে। যদি সে দুষ্টও হয়ে থাকে, তবে তাকে কি এভাবে মেরে ফেলতে হবে? তাকে সংশোধন করার কি কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছিল? এভাবে দায় এড়িয়ে উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো কোনো শুভ লক্ষণ নয়।”

ক্ষমতাসীন দলের নেতাদের অভ্যন্তরীণ অভিযোগের প্রসঙ্গ তুলে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারদলীয় শীর্ষ নেতারা নিজেরাই সংসদ ও বিভিন্ন বক্তব্যে স্বীকার করছেন যে অস্ত্র ও মাদকের ব্যবসা হাতবদল হয়েছে এবং তাদের দলের প্রভাবশালীরাই এখন সেসবের দায়িত্ব নিয়েছে।

তিনি আরও বলেন, তাদের সিনিয়র নেতারাই বলছেন, বড় বড় মাদকের চালান কোন এলাকা দিয়ে আসছে। এসব কথা কিন্তু আমাদের নয়, তাদের নিজেদেরই বক্তব্য।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ