আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাদের অভিযোগ চিরাচরিত ও কাল্পনিক। সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলার আগে তাদের নিজেদের শাসনকালের কথা মনে করা উচিত। বিএনপি মহাসচিব ক্ষোভের বশবর্তী হয়ে সরকারের বিরুদ্ধে কিছু শব্দমালার বিস্ফোরণ ঘটিয়েছেন, ধীরে ফখরুল সাহেব ধীরে, রেগে গেলেন তো হেরে গেলেন। বর্তমানে দেশের মানুষ নির্ভয়ে ও স্থিতিশীল পরিবেশে নিজ নিজ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
রোববার (২৪ অক্টোবর) দুপুরে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনার উন্নয়ন ও ভবিষ্যৎমুখী রাজনীতি বিএনপির সুবিধাবাদী রাজনীতির ওপর অমানিশার ছায়া ফেলেছে। বর্তমান সরকার কোনো দলের ওপর খবরদারি করে না বরং সরকার পরিচালনাকে পবিত্র দায়িত্ব মনে করে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের মেরুদণ্ড শক্ত, কারণ তাদের সঙ্গে জনগণ রয়েছে। কোনো দৃশ্যমান বা অদৃশ্য শক্তির কাছে বঙ্গবন্ধুকন্যা মাথা নত করেন না। বরং বিএনপির রাজনীতি চলছে অদৃশ্য সুতার টানে।
সেতুমন্ত্রী বলেন, জনগণ নয়, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির কারণে বর্ণচোরা, সুবিধাবাদী রাজনীতিবিদ ও জনগণের সম্পদ লুণ্ঠনকারীরা আতঙ্কে রয়েছে। ধর্মকে পুঁজি করে বিভেদ সৃষ্টিকারী সাম্প্রদায়িক অপশক্তি আতঙ্কে রয়েছে। আতঙ্কে রয়েছে আগুন সন্ত্রাসীরা। দেশের সাধারণ মানুষ আতঙ্কে নয় বরং ভালো আছে, স্বস্তিতে আছে।
তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালে হাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, জনগণের অর্থপাচার করে বিদেশে অর্থের পাহাড় গড়েছিল, পাচার করা অর্থে বিদেশে আয়েশি জীবনযাপন করেছে, তাদের কি বলবো? বিএনপিকে আয়নায় নিজেদের চেহারা দেখতে বলছি। ক্ষমতায় থাকাকালে বিএনপি একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি। অথচ তারা আজ নতুন নতুন সবক দেয়।











