একটি চোখের দৃষ্টি হারিয়েছেন বিতর্কিত লেখক সালমান রুশদি। আড়াই মাস আগে নিউ ইয়র্কে স্টেজে ছুরি নিয়ে হামলা করা হয়েছিল তার ওপর। চোখের ওপর পড়েছিল ধারালো কোপ। ওই হামলায় রুশদির একটি হাতও অকেজো হয়ে গেছে বলে জানিয়েছেন লেখকের অ্যাজেন্ট।
দীর্ঘদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন রুশদি। হাসপাতালে চিকিৎসা চলছিল। অবশেষে রুশদির শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তার প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি।
তিনি জানিয়েছেন, গত ১২ অগস্ট নিউ ইয়র্কের ওই মারাত্মক হামলা জীবন বদলে দিয়েছে রুশদির। এক স্প্যানিশ পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে রুশদির শারীরিক অবস্থার বিশদ বর্ণনা দিয়েছেন অ্যান্ড্রু।
তিনি বলেছেন, তার ক্ষতস্থানগুলো ছিল অত্যন্ত ভয়াবহ এবং গভীর। একটি চোখের দৃষ্টিও হারিয়েছেন তিনি।
নিউ ইয়র্কের শতকা ইনস্টিটিউশনে শিল্পীদের স্বাধীনতা নিয়ে বক্তৃতা দিতে ওঠার পরই এক যুবক হামলা চালান। লেখকের চোখে, ঘাড়ে এবং শরীরে এলোপাথারি ছুরির কোপ বসাতে শুরু করেন।
অ্যান্ড্রু বলেছেন, তার ঘাড়ে তিনটি গভীর ক্ষত ছিল, বুকে এবং শরীরের উপরের দিকে আরো ১৫টি গুরুতর আঘাত লাগে। ছুরিতে তার দু’হাতের বহু স্নায়ু নষ্ট হয়ে গিয়েছিল। ফলে তার একটি হাতও অকেজো হয়ে যায়।











