গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের অভিযোগে এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ভাড়া বাসা থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার কেওয়া বাজারসংলগ্ন একটি বাড়িতে এ ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
আটক ব্যক্তিরা হলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল সারোয়ার মোর্শেদ (৩৮), শ্রীপুর পৌরসভার কেওয়া এলাকার মজিবুর রহমানের ছেলে সবুজ মিয়া (৩২) এবং রংপুরের কাউনিয়া উপজেলার বিষ্ণুপুর গ্রামের আব্দুল কাদেরের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে ওই বাসায় মাদক সেবনের সময় পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, স্থানীয় বাসিন্দারা মাদক সেবনের সময় তিনজনকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। আটক ব্যক্তিদের মধ্যে সারোয়ার মোর্শেদের পুলিশ সদস্য পরিচয় নিশ্চিত হওয়া গেছে।











