spot_img

মুরাদের দাবি, জামায়াত-শিবিরের আরেকটা ভার্সন হেফাজতে ইসলাম

হেফাজতে ইসলামকে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরের আরেকটা ভার্সন বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান।

তার বক্তব্য, মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমার অনুভূতির কথা বলবো। আমি সরকার বা প্রতিমন্ত্রী হিসেবে বলছি না। দেলোয়ার হোসাইন সাঈদীর মতো একজন ‘কুখ্যাত রাজাকার’, তার যুদ্ধকালীন যে ইতিহাস সেটা সবাই জানি, যিনি একের পর এক অস্থিতিশীল ঘটনা ঘটনার জন্য দায়ী। তাদের সমর্থকেরা জামায়াতে ইসলামী, ছাত্র শিবির বা আরেকটা ভার্সন আছে হেফাজতে ইসলাম। তবে সবাই না, সবার কথা বলছি না, উগ্রপন্থী যারা।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব দাবি করেন।

ডা. মুরাদ হাসান বলেন, যথন সাঈদীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে, যখন সাজা হয়ে যাচ্ছে, তখন চাঁদের মধ্যে সাঈদীর ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ার ঝড় তুলে ফেললো। তারমানে কতবড় পূণ্যবান লোক, আলেম প্রমাণ করতে চাইলো। এই সাঈদীর বিচার কার্যক্রম শেষ হয়েছে। তাকে এভাবে বছরের পর বছর কারাগারে রেখে, ভরণপোষণ দিয়ে, আদর আপ্যায়ন করে রাখার মানেটা কি? এই জিনিসটাকে আমি কোনোভাবেই সমর্থন করতে পারি না।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কোনো মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষ, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান এবং আমি বলবো এই বাংলাদেশের কিছু মানুষ ছাড়া যারা স্বাধীনতার চেতনায় বিশ্বাসী তারা কেউই চায় না সাঈদীকে এভাবে কারাগারে সুন্দরভাবে আদর আপ্যায়ন করা হোক। এর কোনো মানে হয় না। এর বিচার হওয়া উচিত।

সাংবাদিকদের উদ্দেশ করে তিনি বলেন, প্রশ্ন করবেন হয়তো- তাহলে আপনি বিচার করেন। আমি কিভাবে করবো? এটা আইনমন্ত্রী ছাড়া তো করতে পারবেন না, আদালত ছাড়া তো হবে না। আমি বলতে চাই এ বিষয়টা নিয়ে সোচ্চার হওয়া উচিত। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। কারণ আপনারাই সবথেকে বড় শক্তি। শুধু বাংলাদেশে নয়, সমগ্র পৃথিবীতে যদি তাকান মিডিয়াতে যারা কাজ করেন তাদের চেয়ে কেউ বেশি পাওয়ারফুল না।

বিচারের মাধ্যমে জেলে আছেন, বিচার কি ঠিক হয়নি? তাহলে কীভাবে চ্যালেঞ্জ করছেন এমন প্রশ্নের জবাবে ডা. মুরাদ বলেন, চ্যালেঞ্জ না। আমি বলছি যে, তার যে অপরাধ সে অপরাধের মাত্রাটা মুক্তিযোদ্ধাদের, মুক্তিযোদ্ধার সন্তানদের, সাধারণ মানুষ, দেশপ্রেমিক নিরীহ মানুষ তাদের এই বিষয়টা খুব কষ্ট দেয়।

অপরাধ অনুযায়ী শাস্তি হয়নি, আপনি এটা মনে করছেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। এটা বোধহয় একটু অন্যদিকে চলে যাচ্ছে। আমি কিন্তু অন্য কিছু মিন করতে চাইনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ