বর্তমানে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। তাই দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবী জানিয়েছে খেলাফত মজলিস।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর নয়াপল্টনস্থ সীগাল রেস্টুরেন্টে খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে এ দাবী জানানো হয়।
নেতৃবৃন্দ বলেন, খেলাফত মজলিস দীর্ঘদিন যাবত দলনিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ৮ দফা দাবীতে ময়দানে শান্তিপূর্ণ আন্দোলনের কর্মসূচি পালন করে আসছে। এ দাবী ইতোমধ্যেই গণদাবীতে পরিণত হয়েছে। কিন্তু সরকার গণদাবী উপেক্ষা করে একতরফা নির্বাচনের দিকে অগ্রসর হয়েছে। সরকারের ইশারায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ অবস্থায় বিগত ২০১৪ ও ২০১৮ সালের মতো আরেকটি একতরফা ও অগ্রহণযোগ্য নির্বাচন দেশের বিরাজমান রাজনৈতিক সংকটকে আরও ঘনীভূত করবে।
নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমানে দেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের কোনো পরিবেশ নেই। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ ছাড়া এ নির্বাচনে অংশগ্রহণ অর্থহীন। তাই কেন্দ্রীয় মজলিসে শূরা মনে করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের অংশগ্রহণের সুযোগ নেই। একইসাথে খেলাফত মজলিস দেশের শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির স্বার্থে ঘোষিত তফসিল বাতিল করে দলনিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও
গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করার জোর দাবী জানাচ্ছে।
এতে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আব্দুল বাছিত আজাদ, মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রমুখ।










