দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডের কারণে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটির সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দলের সহ-সভাপতি সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী দলের কোনো কোনো ব্যক্তিকে দলীয় সিদ্ধান্ত ও অবস্থানের বিপক্ষে আসতে প্ররোচিত করাসহ এমন কিছু কর্মকাণ্ড করেছেন যা দলীয় শৃঙ্খলাপরিপন্থী। দলীয় শৃঙ্খলাবিরোধী তার এসব আচরণ দ্বারা দলের নীতি-আদর্শ ও ভাবমর্যাদা ক্ষুন্ন হচ্ছে। তাই তার প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করা হলো।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, সাবেক এমপি মাওলানা শাহিনুর পাশা চৌধুরী দলের শীর্ষ নেতৃবৃন্দের সিদ্ধান্তকে তোয়াক্কা না করে দলের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।










