spot_img
spot_img

জুলাই শহীদ মোতালেব হত্যা মামলায় সাঈদ খোকনকে আরও ৭ দিনের রিমান্ডে চায় ডিবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর ধানমন্ডিতে কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক পাঁচটি কারণ উল্লেখ করে পুনরায় রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর-রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদনের শুনানি হবে।

রিমান্ড আবেদনে ডিবি পুলিশ পাঁচটি কারণ উল্লেখ করেছে। সেগুলো হলো:

1. সাঈদ খোকনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই-বাছাই করা।

2. তার দেওয়া তথ্যে আসামি শনাক্ত করা এবং অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা।

3. মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের অবস্থান শনাক্ত করা।

4. মামলার ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা।

5. মামলার মূল রহস্য উদঘাটন এবং মূল পরিকল্পনাকারীদের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তার করা।

গত ১৭ নভেম্বর রাজধানীর বারিধারার একটি বাসা থেকে সাঈদ খোকনকে আটক করে ডিবির কাছে সোপর্দ করে এসআরবি। ওই দিনই তাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ২৬ আগস্ট মোতালেবের বাবা আবদুল মতিন ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়। আসামিদের মধ্যে সাঈদ খোকনও রয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ