ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, ভাগ্যিস হাসিনা দেশে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার দাবি করছেন না।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, উনি বলছেন না যে ওনাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিতে হবে। যদিও ভারতের কেউ কেউ বলেন, উনি নাকি এখনো প্রধানমন্ত্রী।
তিনি বলেন, আমরা যেভাবে তাকে চাই, সেভাবেই চাই। এখন সেটা বাংলাদেশ বিমানে না অন্য কিছু, সেটা পরের বিষয়। আমরা তাকে চাই, তাকে প্রত্যর্পণ করা হবে।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে রাষ্ট্রে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।
তিনি আরও বলেন, যদি হস্তান্তর করা হয়, সেটা বাংলাদেশ বিমানে আমরা আনব, নাকি তিনি তাদের বিমানে আসবেন, সেটা পরবর্তী সময়ে নির্ধারিত হবে। এ বিষয়ে আমাদের বক্তব্য এইটুকুই।











