ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এত দেরি করবেন কেন তিনি, আগে আসলে সমস্যা কি? কেন ১৬ ডিসেম্বরেই আসবেন। উনি তো এ দেশের ছিলেন। গেলেন কেন এ দেশ থেকে, এ প্রশ্নটা করা দরকার। কেন গেলেন? গেলেন তো সারাদেশের মানুষের রোষে আতঙ্কিত হয়ে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেটের ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, আমরা চাই শেখ হাসিনা তাড়াতাড়ি দেশে আসুক। তিনি এই দেশেরই নাগরিক। তার যে প্রাপ্য রয়েছে, আইনগতভাবে, সেই প্রাপ্যটুকু বিচারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে। আমরা চাই উনি তাড়াতাড়ি চলে আসুক।
সরকারি মালিকানাধীন শিল্পকারখানা পুনরুজ্জীবনের পরিকল্পনা প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, অধিকাংশ সরকারি শিল্পকারখানার আয়ু অনেক আগেই শেষ হয়েছে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী বছরের শুরু থেকেই এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন , সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনঃপ্রতিষ্ঠা করা গেলে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং জাতীয় অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।
নতুন শিল্পকারখানা স্থাপনে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, নতুন শিল্পে বিনিয়োগের জন্য ঋণ প্রদানের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে। এ খাতে বিনিয়োগে আগ্রহী উদ্যোক্তাও রয়েছেন।
কৃষি খাতে ঋণ ও উৎপাদন বাড়ানোর বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের কৃষি উৎপাদন সক্ষমতার পুরোপুরি ব্যবহার এখনো সম্ভব হয়নি। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। বিদ্যমান সক্ষমতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ একসময় চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে।
পেঁয়াজ উৎপাদনের উদাহরণ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, একসময় এ পণ্যে আমদানিনির্ভরতা থাকলেও বর্তমানে দেশে চাহিদার তুলনায় বেশি উৎপাদন হচ্ছে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। এ খাতে তরুণদের সম্পৃক্ত করা গেলে কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।











