রংপুর কারমাইকেল কলেজে চলমান পরীক্ষা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে এ হামলার ঘটনা হয়।
বাংলা বিভাগের শিক্ষার্থী খালিদ হাসান ও সাইফুল্লাহ বলেন, আমরা অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। পরীক্ষার শেষ মূহুর্তে হঠাৎ পরীক্ষা স্থগিত করা হলো। এই পরীক্ষার কারণে কোনো চাকরির পরীক্ষায় অংশ নিতে পারছি না। এ অবস্থায় স্থগিত পরীক্ষা নেওয়ার দাবিতে পূর্বঘোষণা অনুযায়ী কর্মসূচি পালনে আমরা একত্রিত হলে কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা স্লোগান দিয়ে আমাদের ওপর হামলা চালায় ও কর্মসূচি পণ্ড করে দেয়।
তারা আরও বলেন, এ সময় শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীদের বিতণ্ডা, হাতাহাতি ও সংঘর্ষ হয়। এতে পাঁচ সাধারণ শিক্ষার্থী আহত হয়। আহতদের স্থানীয় ডাক্তারের কাছে নেওয়া হয়। পরে শিক্ষকরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।










