মধ্যপ্রাচ্যে আমেরিকা-ইসরাইল জোটের আগ্রাসন ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, এ সংঘাত আর শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং তা পুরো অঞ্চলকে বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তাই ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বুধবার (২৫ মার্চ) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। একই দিনে দেওয়া বক্তব্যে গুতেরেস বলেন, এখন আর উত্তেজনা বাড়ানোর সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় নয়; বরং কূটনীতির পথে ফিরে যাওয়ার সময় এসেছে। সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখানোর আহ্বান জানান।
জাতিসংঘ মহাসচিব স্পষ্ট করে বলেন, আমেরিকা ও ইসরাইলের প্রতি তার বার্তা হলো, ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ থামানোর এটাই উপযুক্ত সময়। পাশাপাশি ইরানের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন, যারা সরাসরি এ সংঘাতের অংশ নয়, এমন প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ রাখতে হবে।
তিনি আরও সতর্ক করেন, চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে না; বরং তা আঞ্চলিক স্থিতিশীলতা, জ্বালানি সরবরাহ, খাদ্যনিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনীতির ওপরও গভীর চাপ তৈরি করবে। এই পরিস্থিতিতে যুদ্ধ নয়, সংলাপ ও কূটনীতিক উদ্যোগই একমাত্র টেকসই পথ বলেও ইঙ্গিত দেন তিনি।
সূত্র : আল জাজিরা, রয়টার্স










