পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের সন্ত্রাস-দমন শাখার একটি কার্যালয়ে ভয়াবহ বোমা বিস্ফোরণ অন্তত ১২ পুলিশ সদস্য নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছেন।
সোমবার (২৫ এপ্রিল) রাতে সোয়াত উপত্যকার কাবাল পুলিশ দপ্তরে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ বিস্ফোরণ আত্মঘাতী বোমা হামলা না পুলিশের অপরাধ তদন্ত বিভাগে রাখা কোনো বিস্ফোরক দ্রব্য থেকে ঘটেছে, তা নিয়ে পুলিশ কর্মকর্তাদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে।
প্রাদেশিক পুলিশের প্রধান আখতার হায়াত বলেন, ওই ভবনের বেসমেন্টে পুরোনো কিছু বিস্ফোরক দ্রব্য ছিল। সেখান থেকেও বিস্ফোরণ ঘটতে পারে। আবার এটি কোনো সন্ত্রাসী হামলাও হতে পারে।
তিনি জানান, নিহতদের অধিকাংশই পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সদস্য। তবে এক নারী ও তার শিশু সন্তানও প্রাণ হারিয়েছেন। ঘটনার সময় তারা ওই ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক রয়েছেন।











