spot_img
spot_img

চীনে পাকিস্তান-আফগানিস্তান আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে: মাওলানা মুত্তাকী

চীনের উরুমকিতে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতি ইনস্টিটিউটের স্নাতক সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা জানান।

মাওলানা ‍মুত্তাকী বলেন, দুই মুসলিম প্রতিবেশি দেশের মধ্যে সংবেদনশীল বিষয়গুলোতে রাজনীতিবিদ, আলেম, অধ্যাপক, লেখক ও গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, দায়িত্বজ্ঞানহীন কোনো বিষয়বস্তু প্রকাশ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

আমির খান মুত্তাকি বলেন, কূটনীতি অবশ্যই নৈতিকতা ও শরিয়াহ নীতির ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত। তিনি সতর্ক করে বলেন, কিছু তরুণ বিষয়বস্তু না জেনে এমন কনটেন্ট প্রকাশ করে, যা দেশের জন্য ক্ষতিকর হতে পারে এবং এর পরিণতি সম্পর্কে তারা অবগত নয়।

আফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে আফগানিস্তানজুড়ে কোনো সশস্ত্র বিরোধী আন্দোলন নেই। পাশাপাশি বিরোধীদের পক্ষ থেকে কোনো চেকপোস্টে হামলা বা কোনো এলাকা দখলেরও কোনো রিপোর্ট পাওয়া যায়নি।

এদিকে কাবুল ও ইসলামাবাদের মধ্যে চীনের উরুমকি শহরে অনুষ্ঠিত আলোচনার সমাপ্তির ১৭ দিন পার হলেও এখনো বৈঠকে হওয়া সমঝোতাগুলোর বিস্তারিত আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এতে বৈঠকের ফলাফল নিয়ে উদ্বেগ তৈরী হয়েছে। তবে পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, ডুরান্ড লাইনের বরাবর সংঘর্ষের মাত্রা তুলনামূলকভাবে কমে এসেছে।

রাজনৈতিক বিশ্লেষক ইদ্রিস মুহাম্মাদি জাজি বলেন, “এখন পর্যন্ত এই বৈঠকে কী আলোচনা হয়েছে এবং কী সমঝোতা হয়েছে, সে বিষয়ে কোনো স্পষ্ট ও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত পাকিস্তানের দিক থেকে আফগানিস্তানে কোনো অনুপ্রবেশ ঘটেনি।”

বিশেষজ্ঞদের মতে, চীনের মধ্যস্থতায় হওয়া এই আলোচনার বিস্তারিত প্রকাশ না পাওয়ার পেছনে নিরাপত্তাজনিত সংবেদনশীলতা, রাজনৈতিক বিবেচনা অথবা আলোচনা চলমান থাকার বিষয় থাকতে পারে।

তারা আরও বলেন, এ ধরনের বিষয়ে স্বচ্ছতা বজায় থাকলে জনআস্থা বাড়ে এবং গুজব কমে।

অন্যদিকে আরেক রাজনৈতিক বিশ্লেষক হেওয়াদ জাজি বলেন, “চীন হয়তো এই আলোচনাগুলো প্রকাশ করতে বা বিস্তারিত জানাতে চায়নি, কারণ উরুমকি প্রক্রিয়া এখনো চলমান থাকতে পারে এবং আলোচনা ধারাবাহিকভাবে এগোতে পারে।”

উল্লেখ্য, কাবুল ও ইসলামাবাদের মধ্যে উরুমকিতে অনুষ্ঠিত এই আলোচনা এক সপ্তাহ ধরে চলে। আলোচনার সমাপ্তিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সংবাদ সম্মেলনে বলেন, উভয় দেশ এমন কোনো পদক্ষেপ না নেওয়ার বিষয়ে একমত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তেজিত বা জটিল করে তুলতে পারে।

সূত্র: তোলো নিউজ, আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ