দক্ষিণ লেবাননের ইয়োহমোর আল-শাকিফ শহরে ইসরাইলের বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।
শনিবার (২৫ এপ্রিল) স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, নাবাতিহ জেলায় একটি লরি ও একটি মোটরসাইকেল লক্ষ্য করে ইসরাইল এ হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। তবে এ হামলার বিষয়ে ইসরাইলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লেবাননের সংবাদ সংস্থা জানায়, সীমান্তবর্তী হুলা শহরে গোলাবর্ষণ করেছে ইসরাইল। এছাড়া মারজায়ুন জেলার কানতারা ও আল-কুসাইর শহরেও কামানের গোলা ছোড়া হয়েছে। একই সঙ্গে বন্দর নগরী টায়ারে বিমান হামলা এবং দক্ষিণ জহরানি এলাকার গ্রামগুলোতে ড্রোন তৎপরতার খবর পাওয়া গেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি কার্যকরের পর গত বুধবার (২২ এপ্রিল) ছিল সবচেয়ে প্রাণঘাতী দিন। সেদিন দক্ষিণ লেবাননে ছয়জন নিহত হন।
অন্যদিকে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার লক্ষ্য করে রাতভর হামলা চালিয়েছে।
ধারাবাহিক এসব হামলার কারণে চলমান যুদ্ধবিরতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান











