আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ জুন) মধ্যরাতে মিশিগান অঙ্গরাজ্যের সাগিনাওয়ের একটি বৃহৎ স্ট্রিট পার্টিতে হতাহতের এই ঘটনা ঘটে।
শনিবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।
মিশিগান স্টেট পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে অনুষ্ঠানটি প্রচারের পর ফোর্থ সেন্ট এবং জনসন সেন্টের কাছে পার্টিতে গুলি চালানোর ঘটনা ঘটে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৯১১ নম্বরে কল করে একাধিক লোক মধ্যরাতে স্ট্রিট পার্টিতে যখন গুলিবর্ষণের খবর জানায়, তখন পুলিশ কাছাকাছি স্থানেই ছিল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে পার্টিতে অংশ নেয়া লোকজনের মধ্যে ঝগড়া হয়। ফলে একপর্যায়ে গুলি চালানোর ঘটনা ঘটে। প্রতিক্রিয়ায় অন্যরাও ভিড়ের মধ্যে গুলি ছুড়তে শুরু করে। এরপর সেসব গুলিতে ‘অনেক ভুক্তভোগী’ গুলিবিদ্ধ হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকের গুলিতে বা যানবাহনের ধাক্কায় ১৫ জন আহত হয়েছেন। এছাড়া দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন ১৯ বছর বয়সী পুরুষ, অন্যজন ৫১ বছর বয়সী নারী।
সূত্র : সিএনএন











