spot_img
spot_img

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত; সভাপতি রিফাত, সম্পাদক ইনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। এতে রিফাত রশীদন সভাপতি ও শেখ ইনামুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আজ বুধবার (২৫ জুন) দুপুর ১২টায় রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় তা শেষ হয়।

এছাড়া সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম ও মুখপাত্র হয়েছেন সিনথিয়া জাহিন আয়েশা।

গত ২৩ জুন এ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সভাপতি পদে লড়েন সাবেক সমন্বয়ক রাশিদুল ইসলাম রিফাত। যিনি রিফাত রশীদ নামে পরিচিত। সম্প্রতি তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন। এছাড়া এ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক মো. জাকির হোসেন (মঞ্জু)।

সাধারণ সম্পাদক পদের জন্য লড়েন তিনজন। তারা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানবিষয়ক বিশেষ সেলের সম্পাদক ও জুলাই ম্যাসাকার আর্কাইভের প্রতিষ্ঠাতা হাসান ইনাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক সমন্বয়ক ইব্রাহীম নিরব এবং ঢাকা মহানগরের আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না।

সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য মইনুল ইসলাম, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শাখার সদস্য সচিব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং খুলনা জেলা শাখার আহ্বায়ক তাসনিম আহমাদ।

মুখপাত্র পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী সদস্য সিনথিয়া জাহীন আয়েশা, ঢাকা মহানগর শাখার মুখপাত্র নুপুর আক্তার নোভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার আহ্বায়ক মো. লিখন হোসেন প্রতিদ্বন্দ্বিতা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ