বাংলাদেশে বিপুলসংখ্যক সাংবাদিক ও সামাজিকমাধ্যম ব্যবহারকারীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এই আইন ও এই আইনের প্রয়োগ নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) উদ্বিগ্ন বলে জানিছেন মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর।
মঙ্গলবার (২৫ জুলাই) সচিবালয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক হয় ইইউ মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোরের। এরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
গিলমোর বলেন, আইনমন্ত্রী আমাকে নিশ্চিত করেছেন, এ আইনটি সংশোধনে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমরা আইনটি প্রকাশের অপেক্ষায় আছি। প্রকাশ হওয়ার পর আমরা আইনটি বিস্তারিতভাবে দেখব।
গিলমোর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনকে আমরা সবার আগে স্বাগত জানাতে চাই। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে মানবাধিকার। অর্থনৈতিক প্রসঙ্গও পরিবর্তন হচ্ছে। কারণ পণ্য উৎপাদনে কোনো মানবাধিকার লঙ্ঘিত হয়েছে কি না; তা জানতে আগ্রহী ভোক্তা ও বিনিয়োগকারীরা।
আমরা শ্রমিক সংগঠন নিয়ে কথা বলেছি। মন্ত্রী আমাকে বলেছেন যে, শ্রমিক সংগঠন গড়ার ক্ষেত্রে বাধাগুলো কমিয়ে আনা হয়েছে।











