ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩১, লালবাগ বিভাগে ৪৪, ওয়ারী বিভাগে ৫৪, মতিঝিল বিভাগে ৭৫, তেজগাঁও বিভাগে ৯৬, মিরপুর বিভাগে ৯২, গুলশান বিভাগে ৪৬, উত্তরা বিভাগে ৯৩, গোয়েন্দা বিভাগে ১৬ এবং সিটিটিসি বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫টি ইয়াবা, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল, ১০টি মোবাইল ফোন এবং একজন ভিকটিম উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।











