spot_img
spot_img

নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী আসনের বিরোধিতা ১২ দেশের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন স্থায়ী আসন সৃষ্টির বিরোধিতা করেছে ১২টি দেশের জোট ‘ইউনাইটিং ফর কনসেনসাস’। এর পরিবর্তে নির্বাচিত সদস্যসংখ্যা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদি ঘূর্ণায়মান আসন চালুর প্রস্তাব দিয়েছে জোটটি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সপ্তাহে দেওয়া এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। জোটের সদস্য দেশগুলো বলেছে, নিরাপত্তা পরিষদকে আরও প্রতিনিধিত্বশীল, গণতান্ত্রিক, স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করতে নির্বাচিত সদস্যসংখ্যা বাড়ানোই সবচেয়ে ন্যায়সংগত ও গণতান্ত্রিক পথ।

বিবৃতিতে বিশেষ করে আফ্রিকা, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের প্রতিনিধিত্ব বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। জোটটি নতুন স্থায়ী আসন সৃষ্টির বিরোধিতা পুনর্ব্যক্ত করে এবং নিরাপত্তা পরিষদ সংস্কার নিয়ে আন্তঃসরকারি আলোচনা প্রক্রিয়াকে সদস্যরাষ্ট্রগুলোর নেতৃত্বাধীন বৈধ ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে সমর্থন জানায়।

ভেটো ক্ষমতা বিলুপ্তির পক্ষে অবস্থান জানিয়ে জোটের দেশগুলো নির্দিষ্ট পরিস্থিতিতে এর ব্যবহার সীমিত করার জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। বিশেষ করে ব্যাপক নৃশংসতা ও যুদ্ধাপরাধের মতো পরিস্থিতিতে ভেটো ব্যবহারে সীমাবদ্ধতার কথা বলা হয়েছে।

আর্জেন্টিনা, কানাডা, কলম্বিয়া, কোস্টারিকা, ইতালি, মাল্টা, মেক্সিকো, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, সান মারিনো, স্পেন ও তুরস্ক এই যৌথ বিবৃতিতে সই করেছে।

সূত্র : দ্য এক্সপ্রেস ট্রিবিউন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ