spot_img
spot_img

অভ্যন্তরীণ সমস্যা থেকে দৃষ্টি সরাতেই আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান: মাওলানা মুজাহিদ

আফগানিস্তানে হামলা চালিয়ে পাকিস্তান নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহুল্লাহ মুজাহিদ। একই সঙ্গে ‘মক্কা চুক্তি’র আওতায় দেওয়া দায়িত্ব এড়াতেও পাকিস্তান এসব হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কান্দাহারের একটি মাদরাসায় বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাওলানা মুজাহিদ বলেন, পাকিস্তান বর্তমানে অভ্যন্তরীণভাবে রাজনৈতিক ও অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। দেশটিতে চলমান বিক্ষোভ ও অভ্যন্তরীণ সমস্যাগুলো থেকে জনগণের দৃষ্টি সরাতেই আফগানিস্তানে হামলা চালানো হচ্ছে।

তিনি বলেন, “প্রতিবেশী একটি ইসলামী দেশের ভূখণ্ড লঙ্ঘন করে পাকিস্তান নিজেদের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি সরাতে চায়।”

পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিরও সমালোচনা করেন মাওলানা মুজাহিদ। তিনি দাবি করেন, দেশটিতে রাজনৈতিক পরিসর সংকুচিত করা হয়েছে এবং দেশটির আইনে নিশ্চিত করা স্বাধীনতাগুলোও দেওয়া হচ্ছে না।

আফগান মুখপাত্র বলেন, পাকিস্তানের অর্থনৈতিক সমস্যাও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব সমস্যা থেকে জনগণের দৃষ্টি সরাতে আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে দেশটি।

মাওলানা মুজাহিদ আরও অভিযোগ করেন, পাকিস্তানের সামরিক নেতৃত্ব তাদের কথিত ‘মিথ্যা অবস্থানের’ মাধ্যমে পাকিস্তানি জনগণকে ঝুঁকির মধ্যে ফেলছে।

পাকিস্তানি সামরিক শাসকগোষ্ঠীর ‘দাদাগিরির’ বিরুদ্ধে ইমারাতে ইসলামিয়া ‘উপযুক্ত জবাব’ দেবে বলেও সতর্ক করেন তিনি।

মাওলানা মুজাহিদের এসব বক্তব্যের পর বৃহস্পতিবার পাকিস্তান কান্দাহার, পাকতিয়া ও খোস্ত প্রদেশে বিমান হামলা চালায়। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এর তিন দিন আগে কুনার ও পাকতিকা প্রদেশেও পাকিস্তান হামলা চালায়। আফগান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সূত্র: আরিয়ানা নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ