জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার সিনিয়র কো-চেয়ারম্যান বিদিশা এরশাদ অভিযোগ করে বলেছেন, রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের ফুটবলের মতো ব্যবহার করছে। ভোটের সময় শুধু তাদের ব্যবহার করা হচ্ছে।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরীর লেডিস ক্লাবে ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া চট্টগ্রাম’-এর আয়োজনে দলটির নেতাকর্মীসহ সুধীজনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারছে না। না পারছে সরকারি দল, না পারছে বিরোধী দল। জাতীয় পার্টি ঢাকায় বসে বসে ফেসবুকে বিবৃতি দেয়। স্বাধীনতার পর থেকে এ দেশে যত হামলা হয়েছে সবই রাজনৈতিক হামলা, সাম্প্রদায়িক হামলা নয়।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ এসময় সাম্প্রদায়িক হামলার প্রসঙ্গ টেনে আরও বলেন, পুলিশ প্রশাসন তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। তা না হলে কুমিল্লার ঘটনার পরে কেন আবার একই ঘটনা নানা জায়গায় পুনরাবৃত্তি হল? পুলিশ কেন সতর্ক হলো না, প্রশাসন কেন সতর্ক হলো না?










