দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক দ্বীনি সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী’র শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে উপস্থিত হোন দারুল উলূম হাটহাজারী মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালক মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া।
আজ (২৫ অক্টোবর) সন্ধ্যায় ফটিকছড়িস্থ নাজিরহাট সেবা ক্লিনিকে তিনি আমীরে হেফাজতের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
চিকিৎসার সার্বিক ব্যবস্থাপনায় যুক্ত ডাক্তার এবং হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে সন্তোষ প্রকাশ করে মাওলানা ইয়াহইয়া সাহেব বলেন, আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হচ্ছেন এজাতির জন্য আল্লাহ তায়ালার বিশেষ রহমত। তিনি কর্মবীর ও আপোষহীন সিপাহসালার। দেশের এই ক্রান্তিলগ্নে হযরতের উপস্থিতি আমাদের জন্য অতীব জরুরি। আমি দেশবাসীর প্রতি বিশেষ আহবান জানাই, হযরতের দ্রুত সুস্থতা ও দীর্ঘ নেক হায়াতের জন্য সকলে বিশেষভাবে দুয়া করবেন।
হাটহাজারীর মাদরাসার ভারপ্রাপ্ত মহাপরিচালককে দেখে আমিরে হেফাজত কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আল্লাহর বিশেষ রহমতে ও আপনাদের দুআয় আগের চেয়ে সুস্থতা অনুভব করছি। দেশবাসীকে আমার জন্য দুআ করতে বলবেন। দ্রুত সুস্থ হয়ে ইসলামের খেদমত করতে পারি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আইয়ুব বাবুনগরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদরীস, নাজিরহাট বড় মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ইসমাইল, সাবেক হেফাজত নেতা মাওলানা জুনায়েদ বিন ইয়াহইয়া, মাওলানা কামরুল কাসেমী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আজিজুল্লাহ ও মাওলানা মুহাম্মদ বিন হাবিব প্রমুখ।











