ইরান সমর্থিত হুথি বাহিনীর হামলার দাবির পর সৌদি আরবের রিয়াদে কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরের ১ ও ২ নম্বর টার্মিনাল চালুর ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
নতুন নির্দেশনা অনুযায়ী, ১ নম্বর টার্মিনাল দিয়ে অভ্যন্তরীণ এবং ২ নম্বর টার্মিনাল দিয়ে সৌদি আরবের জাতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হবে। তবে বিমানবন্দরে যাওয়ার আগে নিজ নিজ ফ্লাইটের অবস্থা নিশ্চিত করতে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক যাত্রী বিজ্ঞপ্তিতে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ অক্টোবর থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হবে। যাত্রীদের বুকিং ও ফ্লাইটের অবস্থা যাচাই করতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
এর আগে ইরান সমর্থিত হুথি বাহিনী দাবি করে, তারা রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিমানবন্দর ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং ইয়ানবুতে সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর স্থাপনা। এ ছাড়া সৌদি আরবের রাবিগ তেল শোধনাগার এবং দেশটির পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনেও হামলা চালানোর দাবি করেন তিনি।
সারি আরও দাবি করেন, দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর, নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটিও তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। রিয়াদ, ইয়ানবু, দাম্মাম ও রাবিগসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর দাবিও করেছে হুথিরা।
এদিকে, সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সামরিক লক্ষ্যবস্তু আখ্যা দিয়ে সেখানে যাতায়াত না করতে বিমান সংস্থা, কর্মী ও যাত্রীদের প্রতি আবারও সতর্কবার্তা দিয়েছে হুথিরা।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি











