ফরিদপুরের আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি পাটের গুদাম ও তিনটি দোকান পুড়ে গেছে। গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাটও আগুনে ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শনিবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস, এলাকাবাসী ও ভুক্তভোগী ব্যবসায়ী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে ফলিয়া বাজারের একটি পাটের গুদামে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের গুদাম ও দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান পুড়ে যায়।
খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই গুদাম ও দোকানগুলোতে থাকা অধিকাংশ মালামাল পুড়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
বাজারের ব্যবসায়ী কাসেদ মণ্ডল জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা একটি পাটের গুদামে আগুন দেখতে পান। দ্রুত আগুন ছড়িয়ে পড়লে সাতটি পাটের গুদাম, একটি চায়ের দোকান ও দুটি কাঁচামালের দোকান মুহূর্তের মধ্যে পুড়ে যায়। গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাট পুড়ে গেছে। এসব পাটের মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানান তিনি।
ফরিদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সোহেল রানা জানান, খবর পেয়ে আলফাডাঙ্গা ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই পাটের গুদাম ও দোকানগুলো আগুনে পুড়ে যায়। কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ এখনো জানা যায়নি জানিয়ে সোহেল রানা বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।











