আগামীকাল শনিবার (২৬ নভেম্বর) কুমিল্লায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। শুক্রবার সকাল থেকে মিছিল নিয়ে কুমিল্লার টাউন হল মাঠে আসতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। বেলা গড়ানোর সাথে সাথেই দখল হয়ে যায় টাউন হল প্রাঙ্গণ। নেই তিল ধারণের ঠাঁই।
শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় পুরো টাউন হলে উপস্থিত নেতাকর্মীরা একের পর এক স্লোগান তুলছেন। ‘লড়াই লড়াই লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই।’
এসময় দেখা যায়, মানুষের সংখ্যা বেড়ে যাওয়ায় আর কোনো মিছিল টাউন হলে প্রবেশ করতে পারছে না। কান্দিরপাড় পূবালী চত্বর, লিবার্টি মোড়, রামঘাটলায় অবস্থান নিচ্ছেন কর্মীরা। এদিকে আধা কিলোমিটর দূরে ঈদগাহে, দেড় কিলোমিটার দূরে আদালতের পাশের সড়কে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় নেতাকর্মীদের অবস্থান করতে দেখা গেছে। টাউন হল মাঠে উপরে সাদা কাপড় টানিয়ে ঘাসের উপরে শুয়ে নেতাকর্মীরা বিশ্রাম নিচ্ছেন।
লাকসামের সাবেক এমপি আনোয়ারুল আজিম, নাঙ্গলকোটের সাবেক এমপি আবদুল গফুর ভুইয়া, দেবিদ্বারের সাবেক এমপি মঞ্জুরুল আহসান মুন্সীর নেতাকর্মীদের মিছিল নিয়ে প্রবেশ করতে দেখা গেছে। বড় মিছিল দেখা দেখো গেছে চাঁদপুরের কচুয়ার সাবেক এমপি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের মিছিল। নেতাকর্মীদের গায়ে নানা রঙের গেঞ্জি ও ক্যাপ দেখা গেছে। কেউ কেউ বিচ্ছিন্ন ভাবে সাউন্ড সিস্টেমে দলের গান বাজাচ্ছেন।
উল্লেখ্য : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে বিএনপি বিভিন্ন স্থানে বিভাগীয় সমাবেশ করে আসছে।










