প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তার সমাধানে বাংলাদেশ সরকার ব্যবস্থা গ্রহণ করবে। মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে আমি একটি সফল দ্বিপক্ষীয় আলোচনা করেছি। অনথিভুক্ত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়টি সংলাপে প্রাধান্য পেয়েছে।
মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীদের দেওয়া এক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এখানকার বিভিন্ন দ্বীপের অভিবাসীরা যাতে নির্বিঘ্নে দেশে টাকা পাঠাতে পারেন সেজন্য প্রবাসী কল্যাণ ব্যাংককে বলবো ব্যবস্থা নিতে। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক মানি এক্সচেঞ্জের ব্যবস্থাটাও করে দেবে। যাতে ডলার কিনে আবার বাংলাদেশে পাঠানোর লোকসান বন্ধ হয়।
তিনি বলেন, আপনারা একটা কাজ করবেন। যারা বিদেশে আসতে চান তারা যেন দালাল ধরে না আসেন। বৈধভাবে আসার চেষ্টা করেন। মালদ্বীপে যে ধরনের কাজের সুযোগ রয়েছে সেটা বিবেচনায় নিয়ে সরকার মালদ্বীপে অভিবাসী প্রত্যাশীদের প্রশিক্ষণের ব্যবস্থাও করবে।
শেখ হাসিনা আরও বলেন, এ ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে। মালদ্বীপে কী ধরনের কাজের ব্যবস্থা রয়েছে, তার একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিলে আরও ভালো কাজের সুযোগ পাওয়া যাবে। পাশাপাশি মালদ্বীপের যারা বাংলাদেশে চিকিৎসায় পড়াশোনা করছে তাদের বৃত্তি দেয়ারও উদ্যোগ নেবে সরকার।










