বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, বিদেশ থেকে টাকা এনে অনেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। পেছন থেকে অনেকে দেশের উন্নয়নকে খামছে ধরার চেষ্টা করছে। এখন সময় এসেছে তাদের রুখে দেওয়ার। সব ষড়যন্ত্রের শিকল ভেঙে আমরা সামনে এগিয়ে যাবো।
শনিবার (২৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় জুমবাংলা স্কুল প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাঙালি জাতি পরাজয় মানে না, আমরা পরাভব মানবো না। বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত, এটা এখন বক্তৃতা দিয়ে আমাদেরকে বলতে হয় না। আমরা অবশ্যই সামনের দিকে এগিয়ে যাবো।
তিনি বলেন, বাঙালি প্রকৃত অর্থেই দেশপ্রেমিক জাতি। দেশের জন্য যখনই বাঙালি ঐক্যবধ্য হয়েছে, তখনই বিজয় ছিনিয়ে এনেছে।
বেনজীর আহমেদ বলেন, আজকের শিশুরাই আগামীদিনের ভবিষৎ। এই শিশুরাই দেশের জন্য আগামীদিনে কাজ করবে, অবদান রাখবে। শিশুদের প্রত্যেকের মাঝে সম্ভাবনার দূতি দেখতে পাই। ওদের চোখে সম্ভাবনার স্ফূরণ দেখতে পেয়েছি। জুমবাংলা কার্যক্রম দেখে ব্যক্তিগতভাবে আমি অভিভূত।










