রাজশাহীতে ফের বাড়ল করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় ৫৮ দশমিক ৬০ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) এবং রামেক হাসপাতাল আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই করোনা শনাক্ত হয়।
এক দিন আগে এই দুটি ল্যাবে রাজশাহীর ৫৫ দশমিক ৭৮ শতাংশ নমুনায় করোনা ধরা পড়ে। এদিকে গত মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গে একজনই মারা গেছেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে তিনি হাসপাতালের ২৯/৩০ ওয়ার্ডে ভর্তি ছিলেন।










