রমজানের মানবিকতা ও সহমর্মিতার বার্তা তুলে ধরতে মসজিদুল হারামে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আব্দুর রহমান আস-সুদাইস।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি আল-ওয়েদাদ অ্যাসোসিয়েশন ফর অরফান কেয়ারের অধিভুক্ত শিশুদের নিয়ে একসঙ্গে ইফতার করেন।
ইফতারের আয়োজনটি হয় মসজিদুল হারাম প্রাঙ্গণে। ইফতার টেবিলে শায়খ সুদাইসের পাশে বসে শিশুদের আনন্দমুখর উপস্থিতি রমজানের সৌহার্দ্য ও সামাজিক দায়িত্ববোধের প্রতিচ্ছবি হয়ে ওঠে।
ইফতার শেষে শায়খ সুদাইস বলেন, এতিমদের লালন-পালন ও তাদের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম উচ্চ মানবিক আদর্শ। সৌদি আরব রাষ্ট্রীয় নেতৃত্ব সব স্তরে সমাজের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে এতিমদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।
তিনি উল্লেখ করেন, ইসলামী শিক্ষা ও সৌদি সমাজের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে এতিমদের কল্যাণে ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে।












