যুদ্ধ বন্ধে ইরান চুক্তি করতে আগ্রহী, কিন্তু প্রাণভয়ে মুখ খুলছে না বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইরান একটি শান্তি চুক্তিতে পৌঁছাতে অত্যন্ত আগ্রহী হলেও তারা বিষয়টি প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছে।
বুধবার (২৫ মার্চ) ওয়াশিংটনে রিপাবলিকান পার্টির এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এই দাবি করেন।
ট্রাম্পের মতে, তেহরান আশঙ্কা করছে যে যদি তারা আলোচনার ইচ্ছা প্রকাশ করে, তবে তারা নিজেদের কট্টরপন্থী লোকদের হাতে অথবা মার্কিন বাহিনীর হাতে প্রাণ হারাতে পারে। ট্রাম্প জোর দিয়ে বলেন যে, বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যে ধরনের কঠোর পদক্ষেপ নিচ্ছে, তা অতীতে আর কখনো দেখা যায়নি এবং এর ফলেই তেহরান এখন আলোচনার টেবিলে বসতে উদগ্রীব হয়ে আছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে ইতিপূর্বে জানানো হয়েছিল যে, ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি প্রক্রিয়া বা আলোচনার পথ এখনো বন্ধ হয়ে যায়নি। যদিও যুক্তরাষ্ট্র যে ১৫ দফা প্রস্তাব দিয়েছিল, ইরান তা তাৎক্ষণিকভাবে গ্রহণ করেনি।
সিএনএন-এর প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন বর্তমানে পাকিস্তানে একটি বিশেষ বৈঠক আয়োজনের চেষ্টা চালাচ্ছে। এই বৈঠকের মূল উদ্দেশ্য হলো ইরান যুদ্ধের অবসান ঘটানোর জন্য একটি বিকল্প এবং কার্যকর পথ খুঁজে বের করা, যা উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হতে পারে।
সূত্র: সিএনএন










