spot_img

ইরানকে ড্রোন, খাদ্য ও ওষুধ দিচ্ছে রাশিয়া

আমেরিকা ও ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধে ইরানকে ড্রোন, খাদ্য ও ক্ষেপণাস্ত্র দিয়ে সহযোগিতা করছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস।

বিদেশি একাধিক গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরু থেকে ইরানকে গোয়েন্দা সহায়তা দিচ্ছে রাশিয়া। মধ্যপ্রাচ্যে কোথায় কোথায় মার্কিন ঘাঁটি, যুদ্ধজাহাজ ও গুরুত্বপূর্ন সেনাস্থাপনাগুলো আছে— সেসবের অবস্থান সম্পর্কে ইরানের প্রতিরক্ষা বাহিনীকে সুনির্দিষ্ট তথ্য দিচ্ছেন রুশ গোয়েন্দা কর্মকর্তারা।

পশ্চিমা বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা সহায়তা প্রদানের পাশাপাশি ইরানে ড্রোন, খাবার ও ওষুধের চালান পাঠানোও শুরু করেছে রাশিয়া। চলতি মার্চ মাসের শেষেই ড্রোনের প্রথম ‘লটের’ চালান পাঠানো শেষ হবে বলেও জানিয়েছেন তারা।

উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে বিস্তৃত কৌশলগত চুক্তি আছে ইরানের। সেই চুক্তির আওতায় ২০২৩ সাল থেকে ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করছে রুশ সেনাবাহিনী। একই বছর থেকে বিভিন্ন ইরানি ড্রোন উৎপাদনও শুরু করেছে রাশিয়া।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর এসব তথ্য যাচাই করতে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ও বাসভবন ক্রেমলিনে যোগাযোগ করেছিল ফিন্যান্সিয়াল টাইমস। ক্রেমলিনের এক মুখপাত্র ব্রিটিশ এই সংবাদমাধ্যমকে বলেছেন, “এই মুহূর্তে বিপুল পরিমাণ ভুয়া তথ্য আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তবে এটা সত্য যে (যুদ্ধের শুরু থেকে) ইরানের নেতৃত্বের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে এবং তা অব্যাহত আছে।”

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_img
spot_img
spot_img

সর্বশেষ