জাতিসংঘের শীর্ষ আদালত গাজ্জার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে হামলা বন্ধ করতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে নির্দেশ দেওয়া সত্ত্বেও দেশটি সেখানে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে। এমনকি ইসরাইল পুরো গাজ্জা উপত্যকাজুড়ে হামলা আরও জোরদার করেছে।
শনিবার (২৫ মে) ইসরাইলের স্থল ও বিমানবাহিনী রাফা শহরে ব্যাপক হামলা চালায়। তারা যুদ্ধবিমান থেকে বোমা ও কামান থেকে গোলা নিক্ষেপ করে।
রোববার সকালেও ইসরাইল গাজ্জা উপত্যকায় হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গত ১০ মে ইসরাইলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা একটি আবেদনের ওপর শুনানি নিয়ে রাফায় হামলা বন্ধের এ নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে গাজ্জায় পর্যাপ্ত ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে রাফা ক্রসিং খুলে দিতেও ইসরাইলকে নির্দেশ দিয়েছে আদালত।
জাতিসংঘের সর্বোচ্চ এই আদালতের আদেশ মেনে চলার আইনি বাধ্যবাধকতা রয়েছে সদস্যদেশগুলোর। তবে আদেশ প্রতিপালনে বাধ্য করার জন্য প্রয়োজনীয় জনবল নেই এই আদালতের।











