আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রচারণায় কোচবিহারের এক জনসভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মোদি বাবু এখন নেতা হবেন তাই, যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারের অর্থ নষ্ট করে ওয়াশিংটনকে সন্তুষ্ট করছেন। কখনো রাশিয়ায় গিয়ে প্লেন কিনছেন, কখনো ফ্রান্সে গিয়ে প্লেন কিনছেন। অথচ আমার গরিব ঘরের ভাই-বোনদের ১০০ দিনের কাজের রুপি দিতে পারছে না। এটাই হচ্ছে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার।
আগামী ৮ জুলাই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। তার আগে সোমবার কোচবিহারের জনসভা থেকেই আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন মমতা।
কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারি প্রাণনাথ হাই স্কুল মাঠে পঞ্চায়েত নির্বাচনের প্রথম জনসভা থেকে কেন্দ্রের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপিকেও নিশানা করেন মমতা।
বিজেপিকে ভাঁওতাবাজ, মিথ্যাবাদী, অত্যাচারী সরকার বলে আখ্যায়িত করে মমতা বলেন, ‘গ্রামের রাস্তা উন্নয়ন বা ১০০ দিনসহ বিভিন্ন প্রকল্প বাবদ কেন্দ্র বকেয়া অর্থ দিচ্ছে না। আমরা পঞ্চায়েতে নির্বাচনে জিতে এই অর্থ আদায় করে ছাড়বো। বাংলার বাড়ি প্রকল্পের রুপিও আটকে রেখেছে, এই অর্থ না দিলে আমরা পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে বিজেপিকে রাজনৈতিকভাবে পরাজিত করে ভারতে নতুন সরকার আসবে এবং সেই সরকারের কাছ থেকে আমরা টাকা নিয়ে আসব।
এদিন মমতা নিশানা করতে ছাড়েননি কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিক ও বিএসএফকেও। মমতা বলেন, ও হচ্ছে সবচেয়ে বড় ডাকাত। খুন করে ঘুরে বেড়ায়। অথচ তার বিরুদ্ধে কোন মামলা হয় না। একজন স্বরাষ্ট্রমন্ত্রী কখনো গুন্ডা হতে পারে? পঞ্চায়েতে মানুষ বিএসএফের গুলি খাচ্ছে, আর তিনি আফ্রিকা ঘুরে বেড়াচ্ছেন।
তাই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল অর্থাৎ জোড়া ফুলে ভোট দেওয়ার আহ্বান জানানোর পাশাপাশি বিজেপিকে বিদায় জানানোর আহ্বান জানান মমতা।











